ঢাকার খালগুলো পুনরুদ্ধারে উদ্যোগ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রকাশ: ২৩:২৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার খালগুলো পুনরুদ্ধারে উদ্যোগ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ঢাকার খালগুলো পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৬টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৯টি খালের দুই পাশে প্রয়োজন অনুযায়ী রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

এতে খাল দখল রোধের পাশাপাশি নগরবাসীর চলাচল ও বিনোদনের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর নন্দীপাড়া এলাকায় ডিএসসিসির ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন জিরানী খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ঢাকার চারপাশের নদীগুলো দূষণমুক্ত করার পাশাপাশি নগরীর খালগুলো পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে সরকার কাজ করছে। একই সঙ্গে ঢাকা মহানগরীর পয়ঃবর্জ্য শোধন করে নদীতে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ জন্য গঠিত কমিটি ইতিমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।

তিনি বলেন, একদিনেই দেশকে সিঙ্গাপুর বা অস্ট্রেলিয়া বানিয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না।

বাস্তবতাকে সামনে রেখে ধাপে ধাপে একটি পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে চাই।

খাল ও নদী রক্ষা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের একার পক্ষে এ কাজ সম্ভব নয়। ঢাকাবাসীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতিগত, কারিগরি ও প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

পরিদর্শনের সময় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে হবে। এ বিষয়ে নাগরিক দুর্ভোগ ও এলাকার সমস্যাগুলো তুলে ধরে জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, সরকারের নেওয়া উন্নয়নমূলক উদ্যোগগুলোর সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সরকারের উদ্যোগের পাশাপাশি এলাকাবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন