অনিক ইসলাম, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৫:১৫, ২ নভেম্বর ২০২৬
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে শিবু মার্কেট ও কাঠেরপুলসহ আশপাশের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকায় জড়ো হন। পরে তারা একত্রিত হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ রিং রোডের উভয় পাশে অবস্থান নেন। একপর্যায়ে সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। ওভারপাস এলাকাতেও যান চলাচল ব্যাহত হয়।
এ সময় শ্রমিকরা তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, বর্তমান বাজার পরিস্থিতিতে প্রচলিত বেতন দিয়ে সংসারের দৈনন্দিন ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামসহ জীবনযাত্রার ব্যয় বাড়লেও সে অনুযায়ী তাদের আয় বাড়েনি।
বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লেও পোশাকশ্রমিকদের বেতন দীর্ঘদিন ধরে প্রত্যাশিত হারে বাড়ানো হচ্ছে না। ফলে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এ পরিস্থিতিতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।
এদিকে শ্রমিকদের সড়ক অবরোধের কারণে রিং রোডের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ দেখা দেয়। অনেককে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে গাড়ি থেকে নেমে হেঁটে পথ চলতে দেখা যায়। আবার কেউ কেউ দীর্ঘ সময় ধরে যানবাহনের মধ্যেই অপেক্ষা করেন।
হঠাৎ সড়ক অবরোধের কারণে কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরাও বিপাকে পড়েন। বিশেষ করে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের এলাকায়ও যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হয়।
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে সৃষ্ট এই পরিস্থিতিতে এলাকায় যান চলাচল স্বাভাবিক না হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে থাকে।