নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

রনি, রংপুর

প্রকাশ: ১৬:৫৯, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:২৭, ২৭ জুলাই ২০২৬

নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

রংপুরে একদিনের সফরে এসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক দলের নিজস্ব বিষয় হলেও নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচন নিয়েও মন্ত্রণালয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি বছরে সম্ভব না হলে আগামী বছরের শুরুতেই এ নির্বাচন আয়োজন করা হবে।

সোমবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় কৃষি খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ এবং কৃষিতে ভর্তুকি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতেও কাজ করছে সরকার।

জামায়াতে ইসলামীর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি একটি উদারনৈতিক ও গণতান্ত্রিক দল, যা জনগণের ভোটে বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।

পরে রংপুর টাউন হল মাঠে বিভাগীয় পল্লী মেলার উদ্বোধন করেন তিনি। মেলার বিভিন্ন স্টল পরিদর্শনের পাশাপাশি শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায়ও অংশ নেন মন্ত্রী।

আরও পড়ুন