ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১২:৪৪, ৯ নভেম্বর ২০২৬
সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে নগরের সারদা ঘোষ রোড এলাকায় শহীদ সাগরের স্মৃতিস্তম্ভের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা। এর আগে রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভটিতে আগুন দেয়।
অনশনরত নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্মৃতিস্তম্ভে হামলা শুধু একটি স্থাপনায় অগ্নিসংযোগ নয়, এটি আন্দোলনে অংশগ্রহণকারী ও নেতৃত্বদানকারীদের নিরাপত্তার জন্যও হুমকি। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাবেক সদস্যসচিব আলী হোসেন বলেন, রাত প্রায় ২টার দিকে তারা শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার খবর জানতে পারেন। শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ ও সরকার গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এমন একটি সংবেদনশীল স্থানে হামলার ঘটনা আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের অনশন অব্যাহত থাকবে।
জেলার সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। ডিসেম্বরকে সামনে রেখে পতিত স্বৈরাচার ও তাদের সহযোগীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। প্রশাসনের নিষ্ক্রিয়তা ও বিভিন্ন মহলের আশ্রয়-প্রশ্রয়ে এসব ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন মঞ্জু।
অন্যদিকে, জেলা শাখার সদস্যসচিব খলিলুর রহমান এ ঘটনায় শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী জড়িত বলে অভিযোগ করেন। তিনি বলেন, ডিসেম্বরকে ঘিরে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে। গণঅভ্যুত্থানের পর প্রশাসনিক কাঠামো সংস্কার না করায় এমন ঘটনা ঘটছে বলেও দাবি করেন তিনি।
অনশনরত নেতারা শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত এবং প্রশাসন সংস্কারের দাবি জানান।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন বলেন, শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সন্ধ্যা ৭টার দিকে নগরের মিন্টু কলেজ এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর স্মৃতি ধরে রাখতে আন্দোলনকারীরা ঘটনাস্থলকে ‘সাগর চত্বর’ ঘোষণা করেন এবং সেখানে তাঁর ছবি সংবলিত একটি স্টিলের স্মৃতিফলক স্থাপন করেন।
শীর্ষ সংবাদ: