গাংনীর চিৎলাতে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

মামুন অর রশিদ বিজন, মেহেরপুর

প্রকাশ: ২১:০৭, ৯ ফেব্রুয়ারি ২০২৬

গাংনীর চিৎলাতে  পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চিৎলা গ্রামে সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।

জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ দল চিৎলা গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। এ সময় বাগান এলাকায় তল্লাশি চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন