সোহেল রানা, সিংগাইর (মানিকগঞ্জ)
প্রকাশ: ১৭:৫১, ৫ জুলাই ২০২৬
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর নাতির সঙ্গে বিদ্যালয়ের এক সহপাঠীর ঝগড়াকে কেন্দ্র করে অভিযুক্তরা এর আগে তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় তাদের পরিবারের আট সদস্যের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করে।পরে তারা জামিনে মুক্তি পেলে অভিযুক্তরা বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিতে থাকে এবং বসতবাড়িতে আগুন দেওয়ারও হুমকি দেয়।
অভিযোগে আরও বলা হয়, গত ৩ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে কয়েকজন অভিযুক্ত অন্যদের পরামর্শে তাদের বাড়ির দক্ষিণ-পূর্ব পাশের একটি কক্ষের জানালা দিয়ে পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। এতে একটি ফ্রিজ, আসবাবপত্র, হাঁড়ি-পাতিল, দুটি বৈদ্যুতিক ফ্যান, খাট, চালের টিন, কাঠ, তোষক, ফ্রিজে থাকা খাদ্যসামগ্রী এবং গরু বিক্রির নগদ ১ লাখ ২০ হাজার টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
ঘটনার সময় পাশের কক্ষে অবস্থানরত বৃদ্ধ অতিথি সোবাহান মাওলানার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগী শিল্পী বেগম অভিযোগ করে বলেন, পাশের বাড়ির শিউলি আক্তার নিজেকে ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য আমানুল্লাহ আমানের আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন সময় এলাকাবাসীকে হুমকি-ধমকি, মামলা ও হামলার ভয় দেখিয়ে হয়রানি করে আসছেন। তার কারণে এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছে। কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় এবং বাড়িঘরে হামলার ঘটনাও ঘটানো হয়।
শিল্পী বেগম আরও বলেন, শিউলি আক্তারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তার বাড়িতে আগুন দেয়, এতে তার প্রায় ৩ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শিউলি বেগম বলেন,আমাদের ফাঁসানোর উদ্দেশ্যে তারা নিজেরাই নিজেদের বাড়িতে আগুন দিয়ে নাটক সাজিয়েছে। এ অগ্নিকাণ্ডের সঙ্গে আমাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শীর্ষ সংবাদ: