দুমকিতে ১২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৫:৩৭, ২ অক্টোবর ২০২৬

দুমকিতে ১২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১২৫ পিস অ্যামফিটামিনযুক্ত কথিত ইয়াবাসহ মো. নাহিদুল ইসলাম ওরফে নওশাদ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লেবুখালী পায়রা সেতু টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার নাহিদুল ইসলাম মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চক মিরপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লেবুখালী টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। গাড়ির চালকের পাশের আসনে থাকা নাহিদুলের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে মাদক থাকার কথা স্বীকার করলে পুলিশ তার দেহ তল্লাশি করে। এ সময় তার পরনে থাকা অ্যাশ রঙের থ্রি-কোয়ার্টার প্যান্টের ডান পকেট থেকে কমলা রঙের ১২৫ পিস কথিত ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা মাদকের মোট ওজন ১২ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬২ হাজার ৫০০ টাকা।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদুল মানিকগঞ্জ থেকে এসব কথিত ইয়াবা সংগ্রহ করে পটুয়াখালীর বাউফল এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুমকি থানায় মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে প্রাইভেটকারের চালকের মাদক বহনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন