মোঃ শফিকুল ইসলাম সাকিল, নড়াইল
প্রকাশ: ১৪:৪০, ৫ অক্টোবর ২০২৬
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুটিমারী বাজার এলাকায় পুলিশের ওপর হামলা ও হ্যান্ডকাফসহ (হাতকড়া) আসামি ছিনতাই মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬) ভাটিয়াপাড়া ক্যাম্প।
রোববার (৪ অক্টোবর) রাত ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। যশোর ক্যাম্পের মেজর ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে এসআরবি সদস্যরা এই যৌথ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন—পুটিমারী গ্রামের বাবলু শেখের ছেলে ও মামলার প্রধান আসামি এসকেন শেখ (৩৫) এবং তার ভাই নয়ন শেখ (২২)। গ্রেফতারের পর তাদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ও হাসান পুঠিমারী এলাকায় একটি অস্ত্র ও নয়টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এসকেন শেখকে গ্রেফতার করতে যান। এ সময় এসকেন, তার ভাই নয়ন ও বাবা বাবলু শেখসহ তাদের সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং হ্যান্ডকাফসহ এসকেনকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় আহত এসআই মুরাদ হোসেনকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পরের দিন সকালে পুটিমারী ঈদগাহের সামনে থেকে একটি ভাঙা হাতকড়া উদ্ধার করা হলেও এসকেন ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় এসকেন শেখসহ ২৩ জনকে আসামি করে নড়াগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলার প্রধান আসামিসহ এ পর্যন্ত মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।