মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু, কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ

আমিনুল ইসলাম রিপন, কিশোরগঞ্জ

প্রকাশ: ২৩:১৩, ৫ অক্টোবর ২০২৬

মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু, কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাহেলা গ্রামের একটি পারিবারিক কবরস্থান থেকে আদালতের আদেশে মুদাচ্ছির (৮) নামের এক শিশুর মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়।

নিহত মুদাচ্ছির তাড়াইল উপজেলার রাহেলা গ্রামের জিয়াউর রহমানের ছেলে। সে ঢাকার যাত্রাবাড়ীর একটি মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মৃত্যুকে কেন্দ্র করে শুরু থেকেই ধোঁয়াশা ও সন্দেহ প্রকাশ করে আসছে তার পরিবার। পরিবারের দাবি, এটি সাধারণ কোনো মৃত্যু নয়; বরং এর পেছনে ভিন্ন কোনো রহস্য রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার কয়েকজন শিক্ষক-ব্যক্তি ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

মামলার পর প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ হিসেবে উল্লেখ করা হয়। তবে পরিবারের পক্ষ থেকে ওই প্রতিবেদনের সত্যতা নিয়ে জোরালো আপত্তি জানানো হয়। তারা মৃত্যুর আসল রহস্য উন্মোচনে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে পুনঃময়নাতদন্তের দাবি জানান।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সব নথিপত্র পর্যালোচনা করে ন্যায়বিচার নিশ্চিতের স্বার্থে পুনঃময়নাতদন্তের এই নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী সোমবার তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী, পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা এসআই নাজিমউদ্দীন এবং তাড়াইল থানা পুলিশের উপস্থিতিতে কবর থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পুনঃময়নাতদন্তের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন ও তদন্তের ফলাফলের পরই শিশু মুদাচ্ছিরের মৃত্যুর আসল রহস্য পরিষ্কার হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে নিহতের পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন