দর্শনায় ৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ১ বছরের কারাদণ্ড

এম সনজু আহমেদ, চুয়াডাঙ্গা

প্রকাশ: ২১:৪৯, ৫ অক্টোবর ২০২৬

দর্শনায় ৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ১ বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গার দর্শনায় ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ গোলাম মর্তুজা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে অপরাধ প্রমাণিত হওয়ায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে দর্শনা থানার তিতুদহ পুলিশ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোবরগাড়া বাজারপাড়া গ্রামের পাকা সড়কে অভিযান চালিয়ে গোলাম মর্তুজাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার গোলাম মর্তুজা গোবরগাড়া বাজারপাড়া গ্রামের হোসেন আলী ও মর্জিনা খাতুনের ছেলে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার-এর সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। তিতুদহ পুলিশ ক্যাম্পের এসআই অরুপ কুমার কর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন। এ সময় গোলাম মর্তুজার কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার আসামিকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে হাজির করা হয়। আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন