চাক্তাইয়ে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর জরিমানা-কারাদণ্ড

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

প্রকাশ: ১০:০৩, ৬ অক্টোবর ২০২৬

চাক্তাইয়ে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর জরিমানা-কারাদণ্ড

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় অবৈধভাবে সার মজুদের অভিযোগে আটটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৮০০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে জেলা প্রশাসন।

এ ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ডও দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাকলিয়া থানাধীন ভেড়ামার্কেট ও নতুন চাক্তাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুমোদনহীন গুদামগুলোতে অভিযান চালানো হয়। এ সময় আটটি গুদাম থেকে আনুমানিক ১ হাজার ৮০০ বস্তা টিএসপি, এমওপি ও ডিএপি সার জব্দ করা হয়।

জব্দ করা সার প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচলাইশ মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা ও বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) যৌথ জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানকালে লাইসেন্স ছাড়া সার মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অপর এক ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানার পাশাপাশি ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত দুই ব্যবসায়ীর কাছ থেকেই জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম বলেন, ‘অবৈধভাবে সার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের ভোগান্তিতে ফেলার কোনো সুযোগ নেই। এ বিষয়ে জেলা প্রশাসনের কঠোর নির্দেশনা রয়েছে।’

তিনি বলেন, কৃষি উপকরণের সঠিক সরবরাহ নিশ্চিত করা এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের নজরদারি ও তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন