এস কে রবিউল ইসলাম, খুলনা
প্রকাশ: ১৬:৩২, ১০ অক্টোবর ২০২৬
শুক্রবার (৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত এক দাফতরিক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনাপত্রে উল্লেখ করা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জেলার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বর্তমানে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা পরিলক্ষিত হওয়ায় সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিশেষ অভিযান কিংবা অন্যান্য দায়িত্ব পালনের সময়ে রাতের বেলায় পুলিশ সদস্যরা যেন কোনো অবস্থাতেই একা চলাচল না করেন, সে বিষয়ে ইউনিট প্রধানদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
এই আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, অপরাধ ও অপস, ডিএসবি ও ট্রাফিক), সার্কেল সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ, পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস এবং কোর্ট পুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সব দফতর ও থানায় পাঠানো হয়েছে।
ঘটনার পটভূমি জানিয়ে খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান পরিচালনা শেষে ফেরার পথে সাদা পোশাকে থাকা এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন।
তিনি আরও জানান, ওই অনাকাঙ্ক্ষিত ও আশঙ্কাজনক ঘটনার পরেই জেলা পুলিশের প্রতিটি সদস্যের সার্বিক নিরাপত্তা বিবেচনায় রাতের বেলায় একা চলাচলের ওপর এই নিষেধাজ্ঞা ও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।