লালমনিরহাটে ট্রাকচাপায় দুই নারী নিহত, দুই বছরে সড়কে ৪৮ মৃত্যু

মোঃ রুহুল আমিন রাসেল, লালমনিরহাট

প্রকাশ: ১৯:৩৪, ১০ অক্টোবর ২০২৬

লালমনিরহাটে ট্রাকচাপায় দুই নারী নিহত, দুই বছরে সড়কে ৪৮ মৃত্যু

লালমনিরহাটে প্রাতঃভ্রমণে বের হয়ে সিমেন্টবাহী ট্রাকের চাপায় ফজিলা বেগম ও জহিলা বেগম নামে দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (১০ অক্টোবর) ভোরে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা-বড়বাড়ী মহাসড়কের ফকিরের তকেয়া এলাকার বালাপাড়া ৩ নম্বর ওয়ার্ডের একটি কালভার্টের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজিলা বেগম ও জহিলা বেগম ওই এলাকার স্থানীয় বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চিকিৎসকের পরামর্শে ফজরের নামাজ শেষে নিয়মিত হাঁটাহাঁটির জন্য মহাসড়কের পাশে বের হন ওই দুই নারী। এ সময় রংপুর থেকে আসা দ্রুতগতির একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।

স্থানীয় বাসিন্দা কাউসার মাহমুদ জানান, নিহত দুই নারী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। তাঁদের একজনের কিডনির সমস্যা এবং অন্যজনের ডায়াবেটিস থাকায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁরা নিয়মিত সকালে হাঁটতে বের হতেন।

সড়কের দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ওই অংশটি বেশ সরু। এর ওপর দিয়ে চলাচল করে ভারী যানবাহন। সরু সড়ক ও চালকদের বেপরোয়া গতির কারণে সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়দের দেওয়া তথ্যমতে, গত দুই বছরে এই মহাসড়কে আজকের দুই নারীসহ মোট ৪৮ জনের প্রাণহানি ঘটেছে। ধারাবাহিক এসব দুর্ঘটনায় সড়কটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন