মো: আকরাম হোসেন, ঘাটাইল (টাঙ্গাইল)
প্রকাশ: ১৬:৪২, ২৫ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘোড়ার টিকি গজারি বাগানে রাতের আঁধারে অবাধে গজারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। সংরক্ষিত বনাঞ্চলের গাছ চুরির এমন অভিযোগে স্থানীয় বনসম্পদ রক্ষায় বন বিভাগের তদারকি ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, রাতের আঁধারে গজারি বাগান থেকে গাছ কেটে নেওয়া হলেও এ বিষয়ে কার্যকর পদক্ষেপের দৃশ্যমান তথ্য পাওয়া যায়নি। বনাঞ্চলের মূল্যবান গাছ রক্ষা করা বন বিভাগের অন্যতম দায়িত্ব হলেও এ ধরনের অভিযোগের যথাযথ তদন্ত ও প্রতিরোধমূলক ব্যবস্থা কতটা কার্যকর, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. এমরান আলীর কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরে সংশ্লিষ্ট বিট কর্মকর্তার সঙ্গে কথা বলা হলে তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণের কথা জানাননি বলে অভিযোগ রয়েছে।
ঘোড়ার টিকি গজারি বাগানে গাছ কাটার অভিযোগের সত্যতা যাচাই, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং বনাঞ্চল রক্ষায় বন বিভাগের কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।
বনাঞ্চল ধ্বংস হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ে। তাই অভিযোগের সুষ্ঠু তদন্ত, অবৈধভাবে গাছ কাটা বন্ধ এবং বনসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. এমরান আলীর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।