নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:১২, ২৫ অক্টোবর ২০২৬
রোববার (২৫ অক্টোবর) রাত ১২টা ৫০ মিনিটের দিকে মহানগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারী মোড়ে ক্যামব্রিয়ান স্কুলের পূর্ব পাশে একটি অস্থায়ী তল্লাশিচৌকিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকার মোসা. নারগিস খাতুন (৩৮) এবং শিবগঞ্জ থানার বিনোদপুর এলাকার মো. মনিরুল ইসলাম (৩৮)।
এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ও সদর কোম্পানি, এসআরবি-৫, রাজশাহীর যৌথ দল ভদ্রা থেকে তালাইমারী মোড়গামী সড়কে তল্লাশিচৌকি স্থাপন করে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনের বাসটি সেখানে পৌঁছালে থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসের ভেতরে যাত্রীর ছদ্মবেশে বসে থাকা ওই দুই ব্যক্তির হেফাজত থেকে ৪৬ বোতল এসকাফ ও ১৮ বোতল কাফ রিলিফ উদ্ধার করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেপ্তার দুই ব্যক্তি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।