হিমেল আহাম্মেদ, নোয়াখালী
প্রকাশ: ১৬:৪৬, ২৫ অক্টোবর ২০২৬
শনিবার রাতে উপজেলার করমবক্স বাজার থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার বারোগাঁও ইউনিয়নের হোসেনপুর এলাকার মো. ইয়াছিন (৫৫) ও পেয়ারাপুর এলাকার শেখ আহম্মদ (৬০)।
এনিমেল রাইটস বিডি ৬৪-এর সভাপতি রাইমন চৌধুরী রনি জানান, আটক দুই ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশায় দেশীয় বিপন্ন প্রজাতির হরিয়াল, ঘুঘু, তিলা ঘুঘু, কট কোয়াল, বিভিন্ন প্রজাতির বক ও শালিকসহ দুই শতাধিক পাখি নিয়ে যাচ্ছিলেন। পাচারের উদ্দেশ্যে পাখিগুলো পরিবহন করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করেন।
খবর পেয়ে বন বিভাগ ও এনিমেল রাইটস বিডি ৬৪-এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাখিগুলো উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা প্রায় ১০ বছর ধরে দেশের বিভিন্ন জেলায় ফাঁদ পেতে পাখি ধরে পাচার করে আসছেন বলে জানিয়েছেন।
কবিরহাট উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, উদ্ধার করা পাখিগুলো লক্ষ্মীপুরের রামগতি উপজেলা থেকে ধরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
তিনি আরও জানান, উদ্ধারের পর স্থানীয় লোকজনের উপস্থিতিতে ১০০টি পাখি কবিরহাটে অবমুক্ত করা হয়েছে। বাকি পাখিগুলো রোববার অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরের পর আটক দুজনকে রোববার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানান বন কর্মকর্তা।