পাঁচবিবিতে পাচারের আগেই মিলল ৩ প্রাচীন মূর্তি, মূল্য ৮৯ লাখ টাকা

আরিফুল ইসলাম, জয়পুরহাট

প্রকাশ: ১৬:২৮, ২৫ অক্টোবর ২০২৬

পাঁচবিবিতে পাচারের আগেই মিলল ৩ প্রাচীন মূর্তি, মূল্য ৮৯ লাখ টাকা

সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার আগেই জয়পুরহাটের পাঁচবিবিতে উদ্ধার হলো তিনটি কষ্টিপাথরের মূর্তি। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিগুলোর আনুমানিক সিজার মূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।

রোববার (২৫ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক দুটি অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার করা হয়। বিজিবির সঙ্গে অভিযানে অংশ নেয় পুলিশ ও উপজেলা প্রশাসন।

আটক ব্যক্তিরা হলেন পাঁচবিবি উপজেলার পুরইল গ্রামের সন্তোষ মাহাত (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের সুজন চন্দ্র রায় (৩৪)।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সূত্র জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় কষ্টিপাথরের মূর্তি মজুত থাকার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনও উপস্থিত ছিলেন।

উদ্ধার করা মূর্তিগুলোর সম্মিলিত ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। এর মধ্যে দুটি মূর্তির ওজন যথাক্রমে ৪২ কেজি ৭০০ গ্রাম ও ৩৭ কেজি ৬০০ গ্রাম। বাকি মূর্তিটি বিষ্ণুর, যার ওজন ৮ কেজি ৮০০ গ্রাম।

পরে উদ্ধার করা মূর্তিগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে বিজিবি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন