এস আলম, জামালপুর
প্রকাশ: ১৬:৩৮, ২৫ অক্টোবর ২০২৬
জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২১৭ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) রাতে উপজেলার বৈষ্ণবপাড়া ও লাউচাপড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) মো. শাহজাহানের নেতৃত্বে একটি দল রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জের বৈষ্ণবপাড়া এলাকার সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকায় অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেফতার করা হয়।
অভিযানে উদ্ধারকৃত মদের পরিমাণ ১ লাখ ১৪ হাজার মিলিলিটার (২১৭ বোতল), যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। এ ছাড়া মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মো. সুজাত মিয়া (৩৭) ও মো. সিফাত (২০), উভয়ের বাড়ি বকশীগঞ্জের বৈষ্ণবপাড়া এলাকায়;
২. মো. রুবেল মিয়া (২৭), বাড়ি গাজীপুরের জয়দেবপুরের দরগারছালা এলাকায়;
৩. মো. ফুরকান হোসেন (১৯), বাড়ি বকশীগঞ্জের জানকিপুর মৃধাপাড়ায় এবং
৪. আমান উল্লাহ্ উদয় (২৭), বাড়ি লাউচাপড়া এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তাঁরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাপথে ভারতীয় মদ এনে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(১)(বি)/২৫(ডি) ধারায় বকশীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।