মোঃ শফিকুল ইসলাম সাকিল, নড়াইল
প্রকাশ: ১৫:৩০, ১২ অক্টোবর ২০২৬
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে এই অলৌকিক ও হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। মৃতরা হলেন—মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদের নিয়মিত মোয়াজ্জিন রোমান মোল্যা (৬০) এবং তাঁর স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোমান মোল্যার স্ত্রী গত প্রায় সাত বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর শনিবার রাত আনুমানিক ২টার দিকে তিনি নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ঘরে স্ত্রীর মরদেহ রেখে, একজন নিষ্ঠাবান মোয়াজ্জিন হিসেবে নিজের দায়িত্ব পালনে ভোররাতে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান রোমান মোল্যা। সেখানে তিনি ফজরের আজান দেন এবং জামাতে নামাজ পড়া শুরু করেন। কিন্তু নামাজের মধ্যেই তিনি হঠাৎ তীব্র অসুস্থতা অনুভব করেন। উপস্থিত অন্য মুসল্লিরা তাঁকে সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যেই মসজিদের ভেতরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
স্থানীয় তুলারামপুর ইউনিয়নের সন্তান ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বামী-স্ত্রীর এমন সমাপতন ও আকস্মিক মৃত্যুতে তাঁদের পরিবার এবং প্রতিবেশীদের মাঝে স্তব্ধতা নেমে এসেছে। পুরো গ্রাম জুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) জোহরের নামাজ শেষে স্থানীয় একটি মাদ্রাসা মাঠে স্বামী-স্ত্রী উভয়ের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। তবে তাঁদের একমাত্র ছেলে জসিম মোল্যা কুয়েতপ্রবাসী হওয়ায় দাফনের প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়। কুয়েত থেকে ছেলের দেশে ফেরার পর আজ সোমবার (১২ অক্টোবর) পারিবারিক কবরস্থানে তাঁদের পাশাপাশি দাফন সম্পন্ন করার কথা রয়েছে।