বাগমারা’য় তাহেরপুর ফুটবল একাডেমির শুভ উদ্বোধন

‎মিজানুর রহমান,বাগমারা

প্রকাশ: ২১:৫১, ১৭ অক্টোবর ২০২৬

বাগমারা’য় তাহেরপুর ফুটবল একাডেমির শুভ উদ্বোধন

‎"খেলাধুলায় মেতে থাকি, মাদক মুক্ত সমাজ গড়ি"— এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল তাহেরপুর ফুটবল একাডেমি। 
‎
‎‎আজ ১৭ অক্টোবর, ২০২৬ (শনিবার) বিকেল ৩:০০ ঘটিকায় তাহেরপুর হাইস্কুল মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই একাডেমির শুভ উদ্বোধন করা হয়।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবু নঈম মো: সামসুর রহমান মিন্টু।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র বলেন, "তরুণ প্রজন্মকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ-সবল সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাহেরপুর ফুটবল একাডেমি এই অঞ্চলের যুবসমাজকে সঠিক দিশা দেখাবে এবং এখান থেকে আগামী দিনে জাতীয় পর্যায়ের দক্ষ ফুটবলার তৈরি হবে বলে আমি আশা করি।
‎
‎তাহেরপুর ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী সাধারণ জনগণ, একাডেমির প্রশিক্ষক এবং উদীয়মান খুদে ফুটবলাররা উপস্থিত ছিলেন।
‎
‎অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে একাডেমির শুভ সূচনা করেন। উদ্বোধন উপলক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। উক্ত ম্যাচে শ্যামনগর ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে জয় লাভ করে তাহেরপুর ফুটবল একাডেমি। দলটির টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন রিফাত এবং পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তাহেরপুর কলেজের সহকারী অধ্যাপক মাসুদ রানা।
‎
‎এলাকার যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এমন চমৎকার ও সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন