এস কে রবিউল ইসলাম, খুলনা
প্রকাশ: ২১:৪০, ১৮ অক্টোবর ২০২৬
খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া দারোগাপাড়া মোড় এলাকায় শেখ জুম্মান রহমান বিশাল (২৭) নামের এক যুবককে গুলি করে তার মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১৭ অক্টোবর) রাত ১টা ৫৫ মিনিটের দিকে স্থানীয় একটি মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত বিশাল পশ্চিম টুটপাড়া দারোগাপাড়া এলাকার লুৎফর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বিশাল আমতলা মোড় এলাকার একটি মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হেলমেট ও মাস্ক পরিহিত তিন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে করে সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বিশালের বাঁ ঊরুতে গুলিবিদ্ধ হয়। পরে তার কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গুলিবিদ্ধ হওয়ার পর পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাকে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।
এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, "ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি টিম মাঠে কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।"