আসিফ বিল্লাহ, সিলেট
প্রকাশ: ২২:১৯, ১৭ অক্টোবর ২০২৬
নিহত শিশুটির নাম আয়াত। সে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম মাখেরপাড়া গ্রামের হাসানুজ্জামানের ছেলে। অন্য দুই নিহতের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে জৈন্তাপুর থানার বিরাইমারা সেতুর কাছে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির চার থেকে পাঁচজন যাত্রী আহত হন। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক শিশু আয়াতকে মৃত ঘোষণা করেন।
এর কিছুক্ষণ আগে দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার ফেরিঘাট এলাকায় জাফলংগামী পর্যটকবাহী একটি বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটির কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাঁদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে দুজনের মৃত্যু হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম জানান, বাস ও ট্রাকের সংঘর্ষে এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, রাজবাড়ী থেকে ছয় দিনের সফরে সিলেটে আসা একদল পর্যটক শনিবার বাসে করে জাফলংয়ের উদ্দেশে যাচ্ছিলেন। পথে সিলেটগামী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে বাসটি সড়কের পাশের কাদায় পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
পৃথক দুর্ঘটনা দুটির পর সিলেট-তামাবিল মহাসড়কের ওই এলাকায় হতাহতদের উদ্ধারে কাজ করে পুলিশ। দুর্ঘটনার কারণ ও নিহত অন্য দুজনের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।