রিয়াজ উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: ১১:০২, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার (১৮ অক্টোবর) ভোররাতে উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া চিংড়ি প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে মহেশখালী থানা-পুলিশ। এর আগে তাঁকে গ্রেপ্তার করেছিলেন একই থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইকবাল। এবারও তাঁর নেতৃত্বে অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই রাতে কুতুবজোম ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে একাধিক মামলার পরোয়ানাভুক্ত ও পলাতক আসামি আবুল কাশেমকে গ্রেপ্তার করেন এসআই মোহাম্মদ ইকবাল। তাঁকে থানায় নেওয়ার পথে একদল ব্যক্তি পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় কনস্টেবল তানভীর হোসেন আহত হন।
ওই ঘটনায় এসআই মোহাম্মদ ইকবাল বাদী হয়ে মহেশখালী থানায় মামলা করেন। মামলায় কুতুবজোম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মৌলভী শফিউল আলমসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।
এদিকে পুলিশ হেফাজত থেকে আবুল কাশেমকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা ওই মামলায় আসামি সাবেক চেয়ারম্যান মৌলভী শফিউল আলম গত ৬ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতান জানান, যুবলীগ নেতা আবুল কাশেমকে রবিবার ভোররাতে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে একদল ব্যক্তি পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
ওসি আরও জানান, আবুল কাশেমের বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হবে।