এসআরবির অভিযানে রুপনগর থেকে বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:১০, ১৭ অক্টোবর ২০২৬

এসআরবির অভিযানে রুপনগর থেকে বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর রূপনগর থানা এলাকা থেকে প্রায় ২৭ লাখ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশি মদসহ মোঃ সাগর মিয়া (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সাদা রঙের টয়োটা ওয়াগন প্রাইভেট কার জব্দ করা হয়। এ ঘটনায় আরও একজন পালিয়ে গেছেন।

এসআরবি সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১-এর সিপিসি-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল জানতে পারে, গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য নিয়ে একটি সাদা রঙের প্রাইভেট কারে মিরপুরের দিকে আসছেন।

এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ১০ মিনিটে রূপনগর থানাধীন দুয়ারীপাড়া থেকে মিরপুর-২ গামী সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করেন এসআরবির সদস্যরা।

রাত ২টা ২০ মিনিটের দিকে একটি সাদা রঙের টয়োটা ওয়াগন প্রাইভেট কার চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করে। এ সময় গাড়িটির চালককে থামার সংকেত দেওয়া হলেও তা অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। পরে আভিযানিক দলের সদস্যরা রাত ২টা ৪০ মিনিটে রূপনগর থানাধীন ২১ নম্বর সড়কে মান ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরের সামনে গাড়িটি থামাতে সক্ষম হন।

এসআরবি জানায়, গাড়ি থেকে দুই ব্যক্তি নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় একজনকে আটক করা সম্ভব হলেও অপরজন অন্ধকার গলিতে পালিয়ে যান।

পরে গাড়িটি তল্লাশি করে ৫৩৯ বোতলে মোট ৪০৪ দশমিক ২৫ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৯৫ হাজার টাকা। এ ছাড়া দুটি চাবিসহ রেজিস্ট্রেশনবিহীন টয়োটা ওয়াগন প্রাইভেট কারটি জব্দ করা হয়।

গ্রেফতার সাগর মিয়া বরিশালের মেহেন্দীগঞ্জ থানার বাসিন্দা। তার বাবার নাম মৃত জাকির হোসেন।

এসআরবি আরও জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেফতার ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রূপনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন