দীপক চন্দ্র শীল, বরিশাল
প্রকাশ: ০০:১৭, ১৮ অক্টোবর ২০২৬
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নগরীর সকল বর্জ্য এখানে ফেলায় পাহাড়সম ময়লার স্তূপ তৈরি হয়েছে। দুর্গন্ধ, মশা-মাছি আর দূষণে অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো এলাকার মানুষ। সড়কের পাশে ময়লা ছড়িয়ে থাকায় যাতায়াতেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের শাসনামলে সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এই ময়লা খোলা অপসারণের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা নেননি।
এলাকাবাসীর আশা ছিল সরকার পরিবর্তনের পর এ সমস্যার সমাধান হবে। ১৭ বছর পর বিএনপি ক্ষমতায় আসার পর বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নেন অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। তিনিও ময়লাখোলা অপসারণের উদ্যোগ নেওয়ার কথা বললেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
কাউনিয়াবাসীর একটাই দাবি — দ্রুত এই ময়লার ভাগাড় অপসারণ করে অন্যত্র নির্ধারিত স্থানে স্থানান্তর করা হোক এবং কাউনিয়াবাসীকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিয়ে স্বস্তি দেওয়া হোক। এটাই এখন জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে।