তাজমিন হত্যা: রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:১০, ১৬ অক্টোবর ২০২৬

তাজমিন হত্যা: রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা করার নির্দেশ

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যার ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করার আবেদন করেন কক্সবাজারের আইনজীবী মোহাম্মদ রাশেদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় করা আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার জন্য সদর থানাকে নির্দেশ দেন আদালত।

কক্সবাজার সদর ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরীর আদালতে আইনজীবী রাশেদ অভিযোগ করেন, রাজুই তাজমিনকে প্রলুব্ধ করে কক্সবাজারে নিয়ে এসেছিলেন এবং তাঁকে ধর্ষণ করেছিলেন। পাশাপাশি তাজমিনের বয়সসংক্রান্ত বিষয়টিও আদালতকে অবহিত করেন তিনি। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত ধর্ষণের অভিযোগে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন। পরে ওই আইনজীবী বাদী হয়ে মামলাটি করেন।

আইনজীবী রাশেদ বলেন, রাজু তাজমিনকে কক্সবাজারে না আনলে কুমিল্লায় ফেরার পথে এমন ঘটনা ঘটত না। তাঁর অভিযোগ, কিশোরীকে মিথ্যা তথ্য দিয়ে ভালোবাসার অভিনয়ের মাধ্যমে কক্সবাজারে এনে ধর্ষণ করা হয়েছে। ঘটনাটি তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে এবং বিবেকের তাড়না থেকেই তিনি মামলাটি দায়ের করেছেন বলে জানান।

আদালতের নির্দেশে অভিযোগটি আনুষ্ঠানিকভাবে মামলা হিসেবে নথিভুক্ত হওয়ার ফলে পরবর্তী আইনগত কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এখন তদন্তের মাধ্যমে কী তথ্য বেরিয়ে আসে, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগে তাজমিন হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একের পর এক ঘটনায় নতুন নতুন প্রশ্ন দেখা দিয়েছে।

কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে রাজুকে আটক করে সদর মডেল থানা পুলিশ। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজারে পৌঁছায় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। তবে জিজ্ঞাসাবাদ শেষে রাজুকে কুমিল্লায় নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হয়।

কুমিল্লা পুলিশ রাজুকে নিজেদের হেফাজতে নিতে অস্বীকৃতি জানালে শেষ পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁকে আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন