মোঃ আবিদ সরকার
প্রকাশ: ১৯:৩৭, ১৭ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে এসআরবি-১৪। পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে মাঠে কাজ করছে সংস্থাটির একাধিক দল।
শনিবার (১৭ অক্টোবর) জামালপুর শহরের দয়াময়ী মোড়ের শ্রীশ্রী রীঁ দয়াময়ী মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১৪-এর অধিনায়ক ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত ডিআইজি মাসুদ রানা।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, এসআরবি-১৪-এর দায়িত্বপূর্ণ ছয় জেলা ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা ও কিশোরগঞ্জের পাশাপাশি কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর এলাকায় এবার মোট ৩ হাজার ৩৫০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে জামালপুর জেলায় রয়েছে ২২৫টি মণ্ডপ। এসব মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
মাসুদ রানা বলেন, দুর্গাপূজা শুরুর আগেই সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের পাশাপাশি মণ্ডপ ও আশপাশের এলাকায় নিয়মিত টহল দিচ্ছে মোবাইল টিম। কোথাও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হলে তা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির বিষয়ে স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে বিশেষ স্ট্রাইকিং ফোর্স ও দক্ষ সদস্যদের ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে।
প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করেও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান এসআরবি-১৪-এর অধিনায়ক। তিনি বলেন, বিসর্জনের রুট ও ঘাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বিতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য ও ধর্মীয় উসকানিমূলক প্রচারণা ঠেকাতে সাইবার টিম সার্বক্ষণিক নজরদারি করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মাসুদ রানা বলেন, কোনো তথ্য, ছবি বা ভিডিওর সত্যতা যাচাই না করে লাইক, কমেন্ট কিংবা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। অনলাইনে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি কিংবা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রেস ব্রিফিংয়ে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা ঘটনা চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়। এ জন্য এসআরবি-১৪-এর কন্ট্রোল রুমের ০১৭৭৭৭১১৪৯৯ নম্বরে, সিপিসি-১, এসআরবি-১৪, জামালপুর কোম্পানি কমান্ডারের ০১৭৭৭৭১১৪১১ নম্বরে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
মাসুদ রানা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় উৎসব সবার অংশগ্রহণে আনন্দমুখর হয়ে উঠুক, সেটিই প্রত্যাশা। দুর্গাপূজা উপলক্ষে ভক্ত ও পূজা উদযাপন কমিটির সদস্যদের নির্ভয়ে উৎসব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-১৪ সর্বদা প্রস্তুত রয়েছে।
এ সময় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।