মহাঅষ্টমীতে কুমারী পূজা আজ, মণ্ডপে ভক্তদের ভিড়

মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহী

প্রকাশ: ১৯:০৩, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:০৭, ১৯ অক্টোবর ২০২৬

মহাঅষ্টমীতে কুমারী পূজা আজ, মণ্ডপে ভক্তদের ভিড়

আজ সোমবার মহাঅষ্টমী। শারদীয় দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ কুমারী পূজা। হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী বালিকার মধ্যে দেবী দুর্গার মাতৃরূপ কল্পনা করে তাঁকে দেবীজ্ঞানে পূজা করেন ভক্তরা। রাজধানীর রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন স্থানে এ পূজার আয়োজন করা হয়েছে।

হিন্দুশাস্ত্র অনুসারে, সাধারণত ১ থেকে ১৬ বছর বয়সী অবিবাহিত কন্যাকে কুমারী হিসেবে পূজা করা হয়। শুদ্ধতা ও মাতৃশক্তির প্রতীক হিসেবে কুমারীর মধ্যে দেবীর রূপ উপলব্ধি করাই এ পূজার মূল তাৎপর্য। শাস্ত্রীয় বিধান অনুযায়ী, বয়সভেদে কুমারীর বিভিন্ন নাম ও রূপ কল্পনা করা হয়।

পূজার আগে নির্বাচিত কুমারীকে স্নান করিয়ে নতুন পোশাকে সাজানো হয়। কপালে সিঁদুর, পায়ে আলতা ও হাতে ফুল দিয়ে সুসজ্জিত আসনে বসানো হয় তাঁকে। এরপর ষোড়শোপচারে দেবীজ্ঞানে পূজা করা হয়। শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপ।

কুমারী পূজার অন্যতম শিক্ষা হলো নারী ও মাতৃশক্তির প্রতি শ্রদ্ধা প্রদর্শন। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি নারীর মর্যাদা, সম্মান ও অধিকার প্রতিষ্ঠার বার্তাও বহন করে এ আয়োজন।

পঞ্জিকা অনুযায়ী, আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী এবং বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উদযাপিত হবে। দশমীর দিন বিকেল ৩টার পর প্রতিমা বিসর্জনের আয়োজন রয়েছে। রাজধানীতে পলাশীর মোড় থেকে বিজয়া শোভাযাত্রা বের হয়ে সদরঘাটের ওয়াইজ ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন