আশেকে এলাহী শিবলী - ধুনট (বগুড়া)
প্রকাশ: ১৯:২১, ১৯ অক্টোবর ২০২৬
বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করার জেরে তুলসি রায় (৩৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে তাঁর বন্ধু বাবু রায়ের বিরুদ্ধে।
রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলা উপজেলার সদর ইউনিয়নের কুঠিবাড়ি গ্রামের দুর্গাপূজা মণ্ডপসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত তুলসী বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন।
আহত তুলসি রায় ওই গ্রামের বাদল রায়ের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুঠিবাড়ি গ্রামের কলা রায়ের ছেলে বাবু রায়ের সঙ্গে তুলসি রায়ের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। সেই সুবাদে বাবুর বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল তুলসির। একপর্যায়ে দুই সন্তানের জননী বাবুর স্ত্রীর সঙ্গে তুলসির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর আগে বাবুর স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে তাঁকে বিয়ে করেন তুলসি।
এ ঘটনা নিয়ে পারিবারিকভাবে কয়েক দফা বৈঠক হলেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। বাবু বারবার তাঁর স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার জন্য বন্ধু তুলসিকে অনুরোধ করেন, কিন্তু তাতে কোনো ফল হয়নি।
এরই জেরে রোববার রাত সাড়ে ১০টার দিকে কুঠিবাড়ি গ্রামের রাস্তায় তুলসির পেটে ছুরিকাঘাত করেন বাবু,এমন অভিযোগ স্থানীয়দের। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তুলসিকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে বাবু রায় ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।