মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ: ১৭:১৫, ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
এদিন এক প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম, এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, জনগণের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হারানো মালামাল উদ্ধারে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। দায়িত্ব গ্রহণের পর থেকে জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জেলার ১৭টি থানায় দায়ের করা জিডি পর্যালোচনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে অনুসন্ধান চালানো হয়। এতে ১০৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধার হওয়া ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে জেলা পুলিশ জনসেবামূলক কার্যক্রমে আরও এক ধাপ এগিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।