সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মোঃ আবিদ সরকার 

প্রকাশ: ২১:০০, ২৮ অক্টোবর ২০২৬

সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, হাত ধোয়ার নিয়মাবলি প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামীল, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সালাউদ্দিন সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোলায়মান সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লাবিব হাসান লিটন তালুকদার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান। পরে সাবান দিয়ে হাত ধোয়ার সঠিক পদ্ধতি তুলে ধরে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ থাকতে নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার বিকল্প নেই। বিশেষ করে খাবার খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পর এবং শিশুদের পরিচর্যার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া জরুরি। এ অভ্যাস ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা বলেন, হাত ধোয়ার বিষয়ে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি স্তরে স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে রোগজীবাণুর সংক্রমণ থেকে নিজেকে ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখা সম্ভব।

বিশ্ব হাত ধোয়া দিবসের এ আয়োজনের মাধ্যমে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন