নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:২৩, ২৮ অক্টোবর ২০২৬
রাজধানীর উত্তরখান এলাকার ময়নার টেক বাজারে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ জাতীয় শ্রমিক লীগের এক সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. খলিলুর রহমান শান্ত (৩৮)। তিনি ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগের উত্তরখান থানা শাখার সহ-সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল উত্তরখান থানা পুলিশের সহায়তায় ময়নার টেক বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় খলিলুর রহমান শান্তকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে উত্তরা পশ্চিম ও উত্তরখান থানায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরকদ্রব্য, মারধর, চুরি, চাঁদাবাজি এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।