মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

‎নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৫৭, ২৯ অক্টোবর ২০২৬

মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় শহরের রূপালী ব্যাংকের সামনে মুক্তিযুদ্ধ সংসদ, পিরোজপুর সদর উপজেলা কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎
‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহমেদ শহিদুল হক, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক সোলাইমান মল্লিক, জেলা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রাজ্জাক সরদার ও আব্দুল মান্নান ধরানী।
‎
‎এ ছাড়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ এবং সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী সরদারসহ অন্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
‎
‎পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাত ১টার দিকে সদর থানা-পুলিশ জেলা জামায়াতে ইসলামীর নেতাদের সহায়তায় মানিক পশারীর মরদেহ বাড়িতে পৌঁছে দেয়। পরে তাঁর স্ত্রী, মেয়ে, বোনসহ পরিবারের সদস্যরা নিজেরাই কবর খনন করেন। রাত ২টার দিকে দাফন সম্পন্ন হয়। এ সময় স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন।
‎
‎মানিক পশারী (৮৭) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি জামায়াতে ইসলামীর নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী ছিলেন।
‎
‎২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর তিনি যশোর ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের জামাতার কাছে আশ্রয় নেন। গত দুই মাস ধরে অসুস্থ থাকার পর তাঁর মৃত্যু হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন