ঝালকাঠিতে ডিবির পৃথক অভিযানে ৪ জন গ্রেপ্তার

নবীন মাহমুদ, ঝালকাঠি

প্রকাশ: ১২:৪৮, ৩০ অক্টোবর ২০২৬

ঝালকাঠিতে ডিবির পৃথক অভিযানে ৪ জন গ্রেপ্তার

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩ জনকে ইয়াবাসহ এবং একজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। অভিযানে ১০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২ হাজার ১৫০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কানুদাসকাঠি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসআই মোস্তফা কামালের নেতৃত্বে একটি দল আলমগীর হোসেন হাওলাদারের টিনশেড বসতঘর থেকে ১০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই এলাকার আলমগীর হোসেন হাওলাদারের ছেলে রিয়াদ হাওলাদার (২১), পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নয়াখালী এলাকার সোহেল গাজী (৪৩) এবং একই উপজেলার হেতালিয়া এলাকার গোলাম রাব্বি (২০)।

এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার ১৫০ টাকা, একটি ভিভো অ্যান্ড্রয়েড ফোন ও একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স জব্দ করা হয়। ডোপ টেস্টে তিনজনের শরীরেই মাদক গ্রহণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে  রাত ৮টার দিকে কাঁঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায় অভিযান চালায় ডিবির আরেকটি দল। এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে অভিযানকালে নিজ বসতঘরে নেশাজাতীয় দ্রব্য সেবনরত অবস্থায় আনোয়ার হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ডোপ টেস্টে তার শরীরে অ্যামফিটামিনের উপস্থিতি পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রাজাপুর ও কাঁঠালিয়া থানায় পৃথক মামলা করা হয়েছে।

আরও পড়ুন