শেয়ারবিজনেস ডেস্ক
প্রকাশ: ২১:১৫, ২৮ অক্টোবর ২০২৬
রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৪৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৭৩৩টি গাড়ি ডাম্পিং এবং ৪৩৫টি গাড়ি রেকার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মামলা করা হয় বলে ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ৯৩টি, লালবাগে ১০৭টি, মতিঝিলে ৩৮১টি এবং ওয়ারী বিভাগে ৩১২টি মামলা হয়েছে।
এ ছাড়া তেজগাঁও বিভাগে ৩২০টি, মিরপুরে ৩৯০টি, উত্তরা বিভাগে ৪৫৮টি এবং গুলশান বিভাগে ৩৮৫টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ।