নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:০৬, ২৯ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও একটি সুইচ গিয়ার চাকুসহ সোহেল মিয়া (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১টা ৫০ মিনিটে কোতোয়ালী থানার বাঁশবাড়ী কলোনী এলাকায় এ অভিযান চালানো হয়। এসআরবি-১৪-এর ময়মনসিংহ সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোহেলের বসতঘরে তল্লাশি চালায়।
অভিযানকালে ঘরের দক্ষিণ দেয়ালসংলগ্ন কাপড়ের আলনার নিচে খবরের কাগজে মোড়ানো অবস্থায় একটি সচল বিদেশি রিভলবার ও একটি ধারালো সুইচ গিয়ার চাকু পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকেই সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানায়, উদ্ধার করা রিভলবারের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সোহেল। পাশাপাশি সুইচ গিয়ার চাকু নিজের কাছে রাখার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যাও দিতে পারেননি তিনি।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার সোহেলকে উদ্ধার করা আলামতসহ ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।