রিয়াজ উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: ১৫:২৯, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার (৩০ অক্টোবর) উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত ছয়জনের বিরুদ্ধে মোট নয়টি পৃথক ওয়ারেন্ট ছিল। এর মধ্যে জিআর ওয়ারেন্ট চারটি এবং সিআর ওয়ারেন্ট তিনটি। এছাড়া ছয় বছরের সাজাসংক্রান্ত একটি জিআর ওয়ারেন্ট এবং ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ডসংক্রান্ত একটি সিআর ওয়ারেন্ট তামিল করা হয়েছে।
জিআর মামলার পরোয়ানায় গ্রেপ্তার দুজন হলেন কলিমুল্লাহ ওরফে করিম (২৮) ও সৈয়দ আলম (৩৩)। জিআর সাজা পরোয়ানায় ছয় বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মো. রাসেল করিমকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, সিআর মামলার পরোয়ানায় আবুল কাশেম ও আবদুল জলিল এবং সিআর সাজা পরোয়ানায় সাবুলু বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সাবুলু বড়ুয়ার বিরুদ্ধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ডের আদেশ রয়েছে।
এ ছাড়া পৃথক মামলায় রিমান্ড শেষে সৈয়দুল করিম (১৯) ও জিয়াবুল আলমকে (৪০) আদালতে পাঠানো হয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে মিজানুর রহমান (২৩) নামে আরও একজনকে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ও রিমান্ড শেষে আদালতে পাঠানো ব্যক্তিদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।