মোঃ রাজিব হোসেন, মাগুরা
প্রকাশ: ১৮:৫৪, ৩১ অক্টোবর ২০২৬
নিহত বাপ্পি হোসাইন মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে। তিনি এ বছর মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শনিবার দুপুর ১২টার পর নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
অন্যদিকে, নিহত অনন্যা শিকদার মাগুরা সদর উপজেলার নতুনগ্রাম এলাকার অনিল শিকদারের মেয়ে। তিনি কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষার ফলাফল জানার পর অনন্যা নিজ কক্ষে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে কক্ষের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ ঘটনায় এলাকায় শোকের সৃষ্টি হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মানসিক হতাশা থেকে তারা আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে আইনগত প্রক্রিয়া ও তদন্তের ফলাফলের অপেক্ষা রয়েছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, “দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”