রিয়াজ উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: ১৯:৫৯, ৩১ অক্টোবর ২০২৬
শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ ও গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণেও প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। দ্রুতই এর সুফল পাওয়া যাবে বলে আশা করছি। শনিবার (৩১ অক্টোবর) কক্সবাজারে শিক্ষক সমাবেশ ও জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া।
চাকরি জাতীয়করণের দাবিতে কক্সবাজার পাবলিক হলে এ সমাবেশ ও সম্মেলন অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ভিত্তি অতীতেও বিএনপি সরকারের সময় রচিত হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ ও গুরুত্ব দিয়েছেন। ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা কার্যক্রম বৃদ্ধি এবং শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি সব অনুষ্ঠানে শিক্ষকদের আমন্ত্রণ জানানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষক সমাজ দীর্ঘদিনের প্রত্যাশিত সুফল পাবে। সম্মেলনে কক্সবাজার জেলা শিক্ষক সমিতির আগামী দিনের নেতৃত্ব কেন্দ্র থেকে ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সভাপতি হোসাইনুল ইসলাম মাতবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও বাকসিসের কেন্দ্রীয় মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ বলেন, এখনো বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট সরকারের কিছু কর্মকর্তা শিক্ষক ও শিক্ষা খাতের অগ্রযাত্রায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব জাকির হোসেন, অবসর সুবিধা বোর্ডের সদস্য জাকির হোসেন আকন্দ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের অতিরিক্ত মহাসচিব মাওলানা আবু মো. আলিম আকন্দ, বাকসিসের যুগ্ম মহাসচিব একেএম ফজলুল হক, শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য তৌহিদুল ইসলাম টিপু, বাকশিস চট্টগ্রাম জেলা সভাপতি মো. নাজিম উদ্দিন, চট্টগ্রাম জেলা যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ও আবদুস সাত্তার মজুমদার।
এছাড়া বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ঐক্য পরিষদের জেলা সভাপতি মো. আলম, অবসরপ্রাপ্ত শিক্ষকদের পক্ষে এএনএম নুরুল আমিন, টেকনাফ শিক্ষক সমিতির এম মনজুর, উখিয়ার আবদুল মান্নান, পেকুয়ার আবুল হাশেম, কুতুবদিয়া শিক্ষক সমিতির জহিরুল ইসলাম, মহেশখালী শিক্ষক সমিতির আমিনুল করিম, মাতামুহুরী শিক্ষক সমিতির রুহুল কাদের, রামু শিক্ষক সমিতির ওসমান গণি, চকরিয়া শিক্ষক সমিতির নুরুল আখের এবং সদর উপজেলা শিক্ষক সমিতির নুরুল আবছারসহ কেন্দ্রীয় ও বিভিন্ন উপজেলা পর্যায়ের শিক্ষক নেতারা বক্তব্য দেন।
স্বাগত বক্তব্য দেন কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রনজিত চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নাজিম উদ্দিন।