এনামুল হক রাশেদী, চট্টগ্রাম
প্রকাশ: ১১:১১, ৫ নভেম্বর ২০২৬
গত ১ নভেম্বর শুরু হওয়া এ নিরীক্ষা কার্যক্রম বুধবার (৪ নভেম্বর) বিকেলে শেষ হয়। আইকাওর ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম-কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচের (ইউএসএপি-সিএমএ) আওতায় প্রথমবারের মতো শাহ আমানত বিমানবন্দরে এ নিরীক্ষা পরিচালিত হয়। দলের অন্য সদস্যরা হলেন আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আব সুকর ও পি এ জয়কণ্ঠ।
নিরীক্ষাকালে বিমানবন্দরের নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন নথিপত্র যাচাইয়ের পাশাপাশি হোল্ড ও কেবিন ব্যাগেজ স্ক্যানিং মেশিন, এক্সপ্লোসিভ ট্রেস ডিটেকশন সিস্টেম (ইটিডিএস), ওয়াক-থ্রু ও হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টরের কার্যকারিতা পরীক্ষা করা হয়। এসব যন্ত্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ, ক্যালিব্রেশন এবং পরিচালনার দায়িত্বে থাকা কর্মীদের সনদও পর্যালোচনা করেন নিরীক্ষকরা।
এ ছাড়া নিরাপত্তাকর্মীরা নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন কি না, তা সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে যাচাই করা হয়। পাশাপাশি রানওয়ে ও কার্গো টার্মিনালের নিরাপত্তাব্যবস্থা এবং নিরাপত্তা পাস নীতিমালা অনুযায়ী যাত্রী ও দর্শনার্থীদের প্রবেশাধিকারও পরীক্ষা করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন জানান, নিরীক্ষা শেষে দলের প্রধান বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। গুরুতর কোনো পর্যবেক্ষণও পাওয়া যায়নি। তবে নিরীক্ষার বিস্তারিত পর্যবেক্ষণ ও সুপারিশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (সিএএবি) সদর দপ্তরে জমা দেওয়া হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষের আশা, প্রথমবারের মতো আন্তর্জাতিক এ নিরাপত্তা নিরীক্ষায় সন্তোষজনক ফলাফল শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থার গ্রহণযোগ্যতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখবে।