ধামরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩:৫৮, ৮ নভেম্বর ২০২৬

ধামরাইয়ে  ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

ঢাকার ধামরাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে ধামরাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. আল মামুন বলেন, দেশের অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে স্বাবলম্বী সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে হবে।

তিনি সমবায়ের মূল আদর্শ ও নীতিমালা সততা, নিষ্ঠা ও নিয়মতান্ত্রিকভাবে অনুসরণের জন্য সমবায়ীদের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং স্বনির্ভর সমাজ গঠনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায় কার্যক্রমের পরিধি বাড়ানোর পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে সমবায়ের উন্নয়ন ও অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন