বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১:৪৫, ১১ নভেম্বর ২০২৬
মর্মান্তিক এ ঘটনা ঘটেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে। নিহত সালমা ওই ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামের শিক্কু শেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) রাত ৭টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাড়িতে ঘুমাতে যায় সালমা। রাতের কোনো এক সময় সে নিখোঁজ হয়। পরদিন মঙ্গলবার ভোর ৪টার দিকে তার বাবা ঘুম থেকে উঠে বিছানায় মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পরিবারের অন্য সদস্যরাও বাড়ির আশপাশসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকেন। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কাছেও খোঁজ নেওয়া হয়। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।
একদিকে মেয়েকে খুঁজে পাওয়ার আশা, অন্যদিকে অজানা শঙ্কা—এভাবেই কাটে পরিবারের দীর্ঘ সময়। স্বজনদের অপেক্ষার অবসান ঘটলেও তা ছিল অত্যন্ত বেদনাদায়ক।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের কলকিহারা এলাকার শান্তিনগর বাজারসংলগ্ন ব্রহ্মপুত্র নদে স্থানীয় লোকজন একটি মরদেহ ভাসতে দেখেন। খবর ছড়িয়ে পড়লে নদীর তীরে স্থানীয় মানুষের ভিড় জমে যায়। পরে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি নিখোঁজ সালমার বলে শনাক্ত করেন।
যে মেয়েকে ফিরে পাওয়ার আশায় পরিবারের সদস্যরা দিনভর বিভিন্ন স্থানে খুঁজেছেন, শেষ পর্যন্ত সেই মেয়েকেই ফিরতে হলো নিথর দেহে। যে বাড়িতে তাকে ঘিরে ছিল পরিবারের স্বপ্ন ও ভালোবাসা, সেখানে এখন বিরাজ করছে শোকের আবহ। সালমার এমন করুণ পরিণতিতে স্বজনদের পাশাপাশি শোকাহত স্থানীয় বাসিন্দারাও।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে ১৩ বছরের কিশোরী সালমার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ঘাটনে তদন্তের অপেক্ষায় রয়েছেন স্বজন ও স্থানীয়রা।
শীর্ষ সংবাদ: