ধামরাইয়ে ৭ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫টি সিলগালা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬:১৬, ১১ নভেম্বর ২০২৬

ধামরাইয়ে ৭ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫টি সিলগালা

ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে সাতটি হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পাঁচটি হাসপাতাল সিলগালা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ইসলামপুর, কালামপুর ও জয়পুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মো. জাকারিয়া মাহমুদ এবং ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহারিয়ার। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদুল হক তিতাসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, পৌর এলাকার আল মদিনা হাসপাতালকে ৫০ হাজার টাকা, সেবা ডায়াগনস্টিককে ৩০ হাজার টাকা, ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, কালামপুরের হারুন জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা এবং পপুলার হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, হাসপাতালগুলোর প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকা এবং স্বাস্থ্যসেবা পরিচালনায় প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট পাঁচটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন