ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১১:২১, ১২ নভেম্বর ২০২৬
ঢাকার ধামরাইয়ে একটি সেমিপাকা বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১১ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর পূর্বপাড়া এলাকায় নাছির উদ্দীন দেওয়ান নামে এক ব্যক্তির ৬০০ বর্গফুটের সেমিপাকা বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট রাত ১০টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১১টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের কারণ হিসেবে শত্রুতামূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। আগুনে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
শীর্ষ সংবাদ: