বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২০:৩০, ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার (২০ নভেম্বর) নগরীর শিশু পার্কসংলগ্ন বরফকল এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নেয় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন সোশ্যাল নেটওয়ার্ক ফর ডিজঅ্যাডভান্টেজড চিলড্রেন (এসএনডিসি)।
আয়োজনে শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন অতিথিরা। তাদের জন্য রাখা হয় খাবারের ব্যবস্থা। পাশাপাশি উপহার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের জন্য আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সমাজের পিছিয়ে পড়া এসব শিশুর মুখে হাসি ফোটানো এবং তাদের আনন্দের অংশীদার হওয়াই ছিল কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পিছিয়ে পড়া নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করতে চান। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করে তাদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁর।
তিনি আরও বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু, শিশুদের অবৈতনিক শিক্ষার সুযোগ সৃষ্টি এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর পরিকল্পনা রয়েছে। একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে নারী ও শিশুদের উন্নয়নকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
আয়োজনে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, স্বাধীনতা ফোরাম মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া এসএনডিসির সভাপতি সফিকুল ইসলাম, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তানজিল ইসলাম শুভ, আইটি সেক্রেটারি নেয়ামুল রনি এবং আমাদের পাঠশালার নেতারা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতাকর্মীদের পাশাপাশি শিশুদের নিয়ে কাজ করা সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। জন্মদিনের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগ করে নেওয়ার এ উদ্যোগকে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার একটি ব্যতিক্রমী আয়োজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
শীর্ষ সংবাদ: