চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশ: ২১:২৯, ২০ নভেম্বর ২০২৬
স্থানীয় ঘাট কর্তৃপক্ষ ও যাত্রীদের সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুম শেষ হওয়ার পর থেকেই পদ্মার পানি কমতে শুরু করে। গত কয়েক সপ্তাহে পানি আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় মূল চ্যানেলের বিভিন্ন স্থানে বিশাল বিশাল ডুবোচরের সৃষ্টি হয়েছে। ফলে আগে যে পথে সরাসরি লঞ্চ ও স্পিডবোট চলাচল করত, এখন সেই পথ প্রায়ই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম।
ঘাট সংশ্লিষ্টরা জানান, ডুবোচরের কারণে নৌযানগুলোকে মূল রুট ছেড়ে অনেকটা ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে একদিকে যেমন গন্তব্যে পৌঁছাতে দেড়গুন সময় লাগছে, অন্যদিকে জ্বালানি খরচও বেড়ে গেছে। প্রায়ই স্পিডবোট ও লঞ্চের তলদেশ ডুবোচরে আটকে যাওয়ার ঘটনা ঘটছে, যা বড় ধরনের নৌ-দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।
চরভদ্রাসনের গোপালপুর ঘাটের এক স্পিডবোট চালক বলেন, পানি কমে যাওয়ায় নদীর মাঝখানে অসংখ্য চর জেগে উঠেছে। আগে মৈনট ঘাটে যেতে সময় লাগত ১৫ থেকে ২০ মিনিট, এখন ঘুরে যেতে ৩০ থেকে ৩৫ মিনিট সময় লাগছে। প্রায়ই বোট চরে আটকে যায়, তখন নদীতে নেমে বোট ঠেলতে হয়।"
এদিকে, যাতায়াতে অতিরিক্ত সময় লাগায় এবং ভোগান্তি বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও বিআইডব্লিউটিএ (BIWTA)-এর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী যাত্রী ও নৌযান চালকরা। দ্রুত ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে এনে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শীর্ষ সংবাদ: