প্রতিদিন একটি ভালো কাজের অভ্যাস গড়ে তোলো: আহমেদ শরীফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:০১, ১৩ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিন একটি ভালো কাজের অভ্যাস গড়ে তোলো: আহমেদ শরীফ

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটি (সিএফএইচ) আয়োজিত ইয়ুথ ফেস্টিভ্যালে প্রধান অতিথি হয়ে এসে কিংবদন্তি অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি আহমেদ শরীফ বলেন, “তোমরা ভালো কাজ করে যাও, এর প্রতিদান অবশ্যই একদিন পাবে। প্রতিদিন একটি করে ভালো কাজ করার অভ্যাস গড়ে তোলো।” অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “তারুণ্যের উচ্ছ্বাসে মানবতার উৎসব।”

তিনি আরও বলেন, মেহেরপুর তাঁর স্মৃতিবিজড়িত জেলা, এখানকার সাবিত্রী ও রসকদম্ব মিষ্টির স্বাদ এখনও তাঁর মনে গেঁথে আছে। সমাজ পরিবর্তনে স্বেচ্ছাসেবীদের ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে আহমেদ শরীফ বলেন, সুস্থ সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং বিত্তবান ও সচেতন নাগরিকদের এগিয়ে এসে এ ধরনের সংগঠনকে সহযোগিতা করা উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মামুন অর রশিদ বিজন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান ডাবলু, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুল, সদর উপজেলা সমাজসেবা অফিসার কাজি আবুল মনসুর, সংগঠনের উপদেষ্টা শফিউর রহমান টমা ও প্রত্যয় যুব সংঘ কুষ্টিয়ার সভাপতি এসএম সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সেরা সংগঠন সম্মাননা পান জন্মভূমি মেহেরপুর মানব কল্যাণ সংস্থা, ইউনাইটেড মেডিকেল সাপোর্ট ফাউন্ডেশন ও বামুন্দী মানব উন্নয়ন ফাউন্ডেশন। রক্তযোদ্ধা সম্মাননা পান অন্তরা পারভীন, মিয়াজান আলী ও কল্লোল পাত্র। এছাড়া স্বেচ্ছাসেবী সম্মাননা পান সবুজ আহমেদ খান, মো. তুহিন, রাইহান রাফি, বৃষ্টি মুন্সি, সাব্বির আহমেদ নাহিদ, হাসানুজ্জামান, সাইদ হোসেন বিশ্বাস ও কায়েস মাহমুদ।

বর্ষপূর্তি উপলক্ষে গ্রিন মেহেরপুর ক্যাম্পেইন ও গ্রিন স্কুল–ক্লিন স্কুল প্রতিযোগিতায় বিজয়ী হয় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দিনব্যাপী রিসাইকেলিং উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং বৃক্ষবন্ধু সম্মাননা দেওয়া হয় কবি নজরুল শিক্ষা মঞ্জিল, হান্নানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রজন্ম সংগঠনকে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন সংগঠন ও শিক্ষক আব্দুল আলিম, এসএস আইটি বাংলাদেশের সিইও শাফিন সজল ও সংগঠনের সাবেক সমন্বয়ক সবুজ আহমেদ খান। এতে রেড ক্রিসেন্ট, স্কাউট, ভিবিডিসহ জেলার ১৮টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সাংস্কৃতিক সন্ধ্যা ও কেক কাটার মাধ্যমে সিএফএইচ-এর সপ্তম বর্ষপূর্তি ও ইয়ুথ ফেস্টিভ্যালের সমাপ্তি হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন