এনামুল হক রাশেদী, চট্টগ্রাম
প্রকাশ: ২০:১৮, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:২১, ১৭ নভেম্বর ২০২৬
অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত ফলাফলে এ চিত্র উঠে এসেছে। মঙ্গলবার চট্টগ্রাম জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে শুমারির ফলাফল প্রকাশ ও বাংলাদেশ স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) প্রণয়নবিষয়ক তথ্য উপস্থাপন করা হয়।
শুমারির তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলায় ছোট-বড় মিলিয়ে মোট অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা ৫ লাখ ৩২ হাজার ২৩৮টি। এসব প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন ২০ লাখ ৫৯ হাজার ৩৫১ জন। তাঁদের মধ্যে ৭৯ শতাংশ পুরুষ এবং ২১ শতাংশ নারী।
প্রতিষ্ঠানের ধরন বিশ্লেষণে দেখা যায়, জেলায় ৩ লাখ ৪৮ হাজার ৪০টি স্থায়ী, ৩৬ হাজার ৪০৪টি অস্থায়ী এবং ১ লাখ ৪৭ হাজার ৭৯১টি খানাভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠান রয়েছে। অর্থাৎ জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় একটি অংশ পরিচালিত হচ্ছে পরিবারভিত্তিক উদ্যোগের মাধ্যমে।
শিল্পের আকার বিবেচনায় চট্টগ্রামে মাইক্রো শিল্পের আধিপত্য সবচেয়ে বেশি। মোট অর্থনৈতিক ইউনিটের ৬৭ দশমিক ৪৪ শতাংশ এ শ্রেণির। কুটির শিল্পের অংশ ২৫ দশমিক ৬৪ শতাংশ, ক্ষুদ্র শিল্প ৬ দশমিক ২৮ শতাংশ, মাঝারি শিল্প শূন্য দশমিক ৪৭ শতাংশ এবং বৃহৎ শিল্প মাত্র শূন্য দশমিক ১৭ শতাংশ। অর্থাৎ মাঝারি ও বৃহৎ শিল্পের সম্মিলিত অংশ এক শতাংশেরও কম।
খাতভিত্তিক হিসাবে উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতের প্রতিষ্ঠান সবচেয়ে বেশি, যা মোট অর্থনৈতিক ইউনিটের ৪৪ দশমিক ১৮ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাইকারি ও খুচরা ব্যবসা খাত, যার অংশ ২১ দশমিক ৫৭ শতাংশ। এ ছাড়া শিক্ষা, অন্যান্য সেবা, আবাসন ও খাদ্যসেবা, মানবস্বাস্থ্য এবং আর্থিক ও বীমা খাতেও উল্লেখযোগ্য অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, সঠিক পরিকল্পনা ও নীতি প্রণয়নের জন্য নির্ভুল পরিসংখ্যানের কোনো বিকল্প নেই। চট্টগ্রাম দেশের ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হওয়ায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর প্রতিবেদন এ জেলার উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ওয়াহিদুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁরা অর্থনৈতিক শুমারির লক্ষ্য, উদ্দেশ্য, আওতা, বাস্তবায়ন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ ফলাফলের পাশাপাশি বাংলাদেশ স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার প্রণয়নের কার্যক্রম তুলে ধরেন।
সেমিনারে সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ছরওয়ার কামাল টারজান।
শীর্ষ সংবাদ: