৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৪৫, ১৮ অক্টোবর ২০২৬

৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

ভাষা শহীদদের স্মরণে আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৭ শুরু হবে আগামী ৭ জানুয়ারি। মাসব্যাপী এ বইমেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য সময় বিবেচনায় নিয়ে প্রকাশকদের সর্বসম্মত সিদ্ধান্তে মেলার এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন নিয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম উপস্থিত ছিলেন।

সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা আয়োজনের সময় নির্ধারণ করা হয়।

এদিকে আগামী ৭ বা ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে রমজানের আগেই বইমেলা শেষ করার পক্ষে মত দিয়েছেন প্রকাশকরা।

বইমেলার সময় এগিয়ে আনার বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম গণমাধ্যমকে জানান, প্রকাশকদের সর্বসম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা কী কারণে আগে মেলা আয়োজন করতে চান, সে বিষয়ে প্রকাশকরাই ভালো বলতে পারবেন।

প্রকাশক আরিফুর রহমান নাইম বলেন, মূলত রমজানের কারণেই বইমেলার সময় ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে পুস্তক বিক্রেতা সমিতিতে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রকাশকদের সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন