ইশরাককে পদত্যাগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:১৮, ১৮ অক্টোবর ২০২৬

ইশরাককে পদত্যাগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পর ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে সরকারসংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে।

তবে রোববার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এ নিয়ে বিএনপি এবং সরকারের অভ্যন্তরেও অস্বস্তি ও অসন্তোষ দেখা দেয়। এমন পরিস্থিতিতে ঘটনার পরদিনই ইশরাককে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।

বিএনপি ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, মাদকবিরোধী কার্যক্রম নিয়ে তাঁদের আপত্তি নেই। তবে একজন প্রতিমন্ত্রীর নিজের হাতে অস্ত্র নিয়ে সরাসরি অভিযানে অংশ নেওয়া গ্রহণযোগ্য নয়। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনকে কাজে লাগানোর বদলে তিনি কেন নিজেই অস্ত্র হাতে অভিযানে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী যখন রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি আবাসিক এলাকার অবস্থা দেখতে আকস্মিক পরিদর্শন করছেন, তখন প্রতিমন্ত্রীর এমন কর্মকাণ্ড সরকারকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে।

প্রথম আলোর সঙ্গে আলাপকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্যও বলেন, বিষয়টি আর শুধু ইশরাকের ব্যক্তিগত কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই; এতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্য সদস্যরাও বিব্রত হয়েছেন। একজন প্রতিমন্ত্রীর এ ধরনের আচরণের দায় মন্ত্রিসভার ওপরও বর্তাবে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর ১৩টি জায়গায় আকস্মিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি আবাসিক এলাকার পরিচ্ছন্নতা এবং সেবার মান উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতির উন্নতির জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেন প্রধানমন্ত্রী। তাঁর এই পরিদর্শনের দিনই বিকেলে ইশরাকের অস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়ার ঘটনা ঘটে। দল ও সরকারসংশ্লিষ্ট কয়েকজনের ধারণা, ইশরাকের এই কর্মকাণ্ডের কারণে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঘিরে তৈরি হওয়া ইতিবাচক আলোচনা অনেকটাই আড়ালে চলে যায়।

এমন পরিস্থিতিতে ইশরাককে পদত্যাগের নির্দেশ দেওয়ার ঘটনাকে সরকারের সদস্যদের আচরণ ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর কঠোর মনোভাবের প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন